মুহিতের ‘আকাশ ছুঁয়ে দেখি’ আলোকচিত্র প্রদর্শনী শুরু
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৮
পর্বতারোহী এম এ মুহিত ও তার শেরপার এভারেস্ট অভিযানের আলোকচিত্র নিয়ে গতকাল বিকালে শুরু হয়েছে ‘আকাশ ছুঁয়ে দেখি’ প্রদর্শনীর।ধানমন্ডির দৃক গ্যালারিতে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং সম্মানিত অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.এ.এম. জাকারিয়া এবং প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রদর্শনীতে হিমালয় পর্বতের নিসর্গ, পাহাড়ি জীবন ও পর্বতারোহীদের ৫০টি আলোকচিত্র স্থান পেয়েছে।পর্বতারোহণের পাশাপাশি মুহিত গত এক দশক ধরে পর্বত ও অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের আলোকচিত্র ধারণ করছেন। এর আগে তার পাঁচটি একক ও তিনটি যৌথ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটি ১৪ ডিসেম্বর প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।