গাজীপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের কুশপুত্তলিকা দাহ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার বিকালে গাজীপুর জেলা সদরের চান্দনা চৌরাস্তায় ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তারা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলমের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বিকাল ৪টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি হিরা সরকারের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থক চান্দনা চৌরাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা মিশু হায়দার, বিকাশ সরকার প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিরা সরকার জানান, মেয়াদ পূর্তির ৬ মাস আগেই হঠাত্ করে বৃহস্পতিবার অবৈধভাবে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তিনি অভিযোগ করেন, গত এক মাস আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ গাজীপুর জেলা কমিটি ভেঙ্গে দেয়ার জন্য ১০ লাখ টাকা এবং নতুন একটি কমিটি গঠন করে দেয়ার জন্য আরো ১০ লাখ টাকা প্রস্তাব আসার কথা তাকে জানিয়েছেন। ওই টাকা না দেয়ার কারণে কোন নেতাকর্মীকে না জানিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অবৈধভাবে জেলা কমিটি ভেঙ্গে দেয়া হয়।