লংকায় বাংলাদেশের সান্ব্তনার জয়

শেষ পর্যন্ত শ্রীলংকায় অনুষ্ঠানরত মহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জয়ের দেখা পেল অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। আগের দুই ম্যাচে হারের পর গতকাল শুক্রবার ক্যান্ডির জয়তিলকা স্টেডিয়ামে নিজেদের শেষ খেলায় তৌহিদুল আলমের গোলে বাংলাদেশের যুবারা ১-০ গোলে হারায় মালদ্বীপকে। এই ম্যাচে হারলেও মালদ্বীপ প্রথম দু্ই খেলায় জয়ের সুবাদে ফাইনালে খেলবে। অপরদিকে টুর্নামেন্ট থেকে বাদ পড়া বাংলাদেশ দল আগামীকাল রবিবার দেশে ফিরে আসবে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের স্ট্রাইকার তৌহিদ ৩১ মিনিটে গোলটি করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেয়া তথ্য অনুসারে খেলার শুরু থেকেই মালদ্বীপের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকেন ফরোয়ার্ড রনি, তৌহিদ ও সোহেলরা। শুরু থেকে আক্রমণাত্মক খেলার কারণে প্রথম দশ মিনিটে চারটি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ দল। প্রতিপক্ষের ডিফেন্ডাররা বাংলাদেশের ফরোয়ার্ডদের নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। এরই সুবাদে ৩১ মিনিটে জয়সূচক গোলটি করেন তৌহিদুল আলম। রক্ষণভাগ থেকে লম্বা পাসে বল পেয়ে তিনি গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠানোর চেষ্টা করেন। কিন্তু তা পোস্টে লেগে ফিরে আসলে তাতে ফিরতি শট নিয়ে বলটি জালে জড়িয়ে দেন তৌহিদ (১-০)। জয়ের ব্যবধানটি আরো বড় হতে পারতো, কিন্তু গত দুই ম্যাচের মতো এ দিনও ফরোয়ার্ডদের ব্যর্থতা অব্যাহত ছিল। তৌহিদ নিজেই চতুর্থ মিনিটে লিংকনের দেয়া একটি ক্রসে ফাঁকা বার পেয়েও বল জালে পাঠাতে পারেননি। বিরতির দুই মিনিট আগে তৌহিদ আরেকবার বল জালে পাঠালেও সহকারী রেফারি তাতে অফ সাইডের পতাকা দেখান। ৫০ মিনিটে মালদ্বীপের আবদুল্লাহর ক্রসে স্বাধীন মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে আরো একবার গোলের সুযোগ বিফলে যায়।