এনজিওর টাকার জন্য স্বামীর হাতে প্রাণ গেলো হাছিনার
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:০৫
উলিপুরে এনজিও থেকে পাওয়া অনুদানের টাকা স্বামীকে না দেয়ায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে স্বামী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার অর্জুন গ্রামে নির্মম এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় গৃহবধূর ভাই মঞ্জু মিয়া বাদি হয়ে গতকাল শুক্রবার উলিপুর থানায় ঘাতক স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় ঐ গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, ঐদিন দুপুরে এক সন্তানের জননী হাছিনা বেগম (২৪) একটি এনজিও অফিস থেকে গো-খাদ্যের জন্য ১৪’শ টাকা অনুদান পায়। স্বামী নূর ইসলাম (৩২) তার কাছে ঐ টাকা চাইলে গৃহবধূ তা দিতে অস্বীকৃতি জানায় এবং এনিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী উক্ত গৃহবধূকে বেদম মারপিঠ করে ঘাড় মটকিয়ে মাটিতে ফেলে দেয়। গৃহবধূর চিত্কারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে দেখে হাছিনা রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছে। পরে গ্রামের আরো লোকজন জড়ো হলে ঘাতক স্বামী পালিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার ভোরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠান। উলিপুর পৌরসভার রামদাসধনিরাম গ্রামের আব্দুল হাকিমের কন্যা হাছিনার সাথে ৬ বছর আগে অর্জুন গ্রামের মশিয়ার রহমানের পূত্র নূর ইসলামের বিয়ে হয়। ৪ বছর আগে তাদের কোলজুড়ে হাসান নামের এক পূত্র সন্তান জন্ম নেয়।