সাভারের হেমায়েতপুরে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

সাভারে হেমায়েতপুর এলাকার স্ট্যান্ডার্ড গার্মেন্টসের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নুরজাহান বেগম (২৪)। তিনি সিরাজগঞ্জের কাজীপুরের মাছুয়াকান্দির নূরুল ইসলামের মেয়ে। গত বৃহস্পতিবার গভীর রাতে হেমায়েতপুরের হরিণধরা গ্রামের ইকবাল হোসেনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নুরজাহান খাবার খেতে এসে আর কারখানায় যাননি । রাতে তার ভাই বাসায় ফিরে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। কিন্তু তিনি দরজা না খুললে সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায় । বাড়ির মালিক ইকবাল হোসেন থানায় খবর দিলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাসুম খান নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে- নুরজাহান আত্মহত্যা করেছেন ।