ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষে ১০ জন আহত
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
গতকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শাখায় অনার্স প্রথম বর্ষের ভর্তিচ্ছুদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিলের সময় আধিপত্যের লড়াইয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার সমর্থিত ছাত্রলীগ ও কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন সমর্থিত ছাত্রদলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
জানা যায়, ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ধর্মপুরস্থ ডিগ্রি শাখায় অনার্স প্রথম বর্ষের ভর্তিচ্ছুদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিলের সময় সংঘর্ষ বাধে এবং দুই দলের মধ্যে ১০/১২ রাউন্ড গুলিবিনিময় হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষের কর্মীরা আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধারালো অস্ত্রের মহড়া দেয়। সংঘর্ষে আহত ৫ জনের নাম জানা গেছে। তারা হচ্ছে:রিমন, এখলাছ, হাসান, শাহপরান ও উজ্জল। রিমনের (২২) পেটে গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করে ছাত্রলীগ। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।