টানা হারল বাংলাদেশ দল আজ সিরিজের ফয়সালা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১২, ২২:৪১
ফুসে ওঠা ক্যারিবীয়দের শ্রেয়তর অভিজ্ঞতার কাছে আরো একটি ম্যাচে হার মানলো বাংলাদেশ দল। ফলে ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণে আজ শনিবার পঞ্চম ও শেষ ওয়ানডেটি পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশের সমর্থকদের। ক্যারিবীয়দের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক ড্যারেন স্যামি। গতকাল শুক্রবার বিপুল দর্শকের উপস্থিতিতে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দফায় দফায় বাগে পেয়েও সুযোগ হারানোর কারণে সিরিজের চতুর্থ ম্যাচটিও হাতছাড়া হয়ে যায় মুশফিকুর রহিমদের।
জয়ের জন্য ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে কাল স্বাগতিকরা প্রথম ১৭ বলে সাত রান তুলতেই শীর্ষ চার ব্যাটসম্যানকে হারায়। ব্যাটসম্যানদের শট নির্বাচনে খেয়ালিপনায় গোটা দল হাবুডুবু খাচ্ছিল, অথচ দলকে জয়ের তীরে নিয়ে আসার মত ছিল না কেউ। মাঝে ব্যাট হাতে মাহমুদুল্লা রিয়াদ কিছু সময় চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সঙ্গীর অভাবে তাকে ৫৬ রানে অপরাজিত থেকে ফিরে আসতে হয়। বাংলাদেশ ইনিংসে কেবল তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে সক্ষম হন। সফরকারী বোলারদের মধ্যে অধিনায়ক ড্যারেন স্যামি তিনটি এবং রোচ, পেরুমল ও স্মিথ দুটি করে উইকেট নেন।
অধিনায়ক মুশফিকুর রহিম ও সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও যখন ব্যাট করছিলেন, তখন বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়া কষ্টই হত। ৭ রানে ৪ উইকেট, ১৩ রানে ৫ উইকেট—এই পরিস্থিতিতে অধিনায়ক ও সহঅধিনায়ক মিলে ইনিংস মেরামতের চেষ্টা চালান। কিন্তু তাদের প্রয়াসটিও বেশিদূর এগোয়নি। অথচ ওয়েস্ট ইন্ডিজকে ২১১ রানে থামিয়ে দেয়ায় বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু প্রথম ১৭ বলের মধ্যেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায় তামিম, নাঈম, এনামুল ও নাসিরের বিদায়ে।
গতকাল শুক্রবার মিরপুর স্টেডিয়ামে বারবার ফিরে আসছিল বিশ্বকাপের ম্যাচটি যাতে অনেক সম্ভাবনা নিয়ে শুরু করেও ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৫৮ রানে। বাংলাদেশ দল অবশ্য এর জবাবটা গতবছর দিয়েছিল ৬১ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে। কাল অবশ্য ৫৮ রান অতিক্রমের পর দেখা দেয় ম্যাচ বাঁচানোর প্রয়াস। ৩০০ বলে ২১২ রান করা বাংলাদেশের পক্ষে অসম্ভব নয়। তবে লক্ষ্যের অংকটি আরো ছোট হতে পারতো। বোলারদের ভুল বোলিং, ক্যাচ মিস এবং ক্যারিবীয় দলের অধিনায়ক ড্যারেন স্যামির অসাধারণ ইনিংসের কারণে দুশো’র গণ্ডি পার করে ওয়েস্ট ইন্ডিজ।
স্যামির অসাধারন ইনিংসের পরও বাংলাদেশের সামনে সিরিজ জেতার ভালো সম্ভাবনা অপেক্ষা করছিল। কিন্তুপাঁচ ব্যাটসম্যানের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে সে সম্ভাবনা জলাঞ্জলি দিতে হয়। যারা খেলা দেখেননি, তারা বিষয়টিকে বেমালুম ব্যাটসম্যানদের উপর দোষ চাপিয়ে দিতে চাইবেন। তবে পাঁচ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র তামিমের আউট নিয়ে আসলে তাকে দোষ দেয়া যাবেনা। কেমার রোচের অতি অসাধারন একটি ডেলিভারির শিকার হতে হয়েছে এই ওপেনারকে। এছাড়া, নাঈম, নাসির, এনামুল ও মোমিনুল যেভাবে ব্যাট করেছেন তাদের ক্রিকেটীয় জ্ঞান সম্ভন্ধে প্রশ্ন উঠবে। বিশ্বকাপ ক্রিকেটে ৫৮ রানে অলআউট হওয়ার ম্যাচেও বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান ১৩ রানে আউট হয়নি।