জাবি ক্যাম্পাসে রঙ ছড়ালো হরেক প্রজাতির প্রজাপতি

চারদিকে ফুলের বাহার, উড়ছে বাহারি রংয়ের প্রজাপতি। তাই ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ‘উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি’—এই শ্লোগানকে ধারণ করে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হলো ‘প্রজাপতি মেলা’। মেলা’য় প্রকৃতির এই অনন্য সুন্দর সৃষ্টিকে নিয়ে ছিল নানা আয়োজন। প্রাকৃতিক সৌন্দর্যের আধার জাবি ক্যাম্পাসকে গতকাল যেন আরো বর্ণিল করে তোলে নানা রঙের হরেক প্রজাতির প্রজাপতি। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, শহীদ মিনারের পাদদেশ, বোটানিক্যাল গার্ডেনে বসেছিল এই প্রজাপতির হাট। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। তিনি বলেন, প্রকৃতি ও জীবনের বর্ণিল অনুষঙ্গের নাম প্রজাপতি। প্রজাপতি শুধু নিজেই সুন্দর নয়, সে মানুষের মনকে উদ্বেলিত করে, আনন্দ যোগায়। মেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন প্রদত্ত প্রজাপতি বিষয়ক বৈজ্ঞানিক ব্যাখ্যা ও বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন রচিত ছড়া নিয়ে ‘ছন্দে ছড়ায় প্রজাপতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ৪০ প্রজাতির প্রজাপতির ছবি ও তথ্যসহ ৪০টি ছড়া রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক মো. ফরহাদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সাজেদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিষয়ক গবেষণায় সার্বিক অবদানের জন্য অধ্যাপক সৈয়দ হুমায়ূন কবিরকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাহারি রঙের প্রজাপতির উড়াউড়ি দেখতে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানো, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের করিডোরে শিশুদের জন্য ‘প্রকৃতি ও প্রজাপতি’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজসহ ঢাকার বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি শহীদ মিনার সংলগ্ন বাগানে আয়োজন করা হয় প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনোয়ার হোসেন তুহিন ও বিভিন্ন শিক্ষার্থীর তোলা প্রজাপতির নির্বাচিত ছবি নিয়ে প্রদর্শনী। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রজাপতি আকৃতির প্রদর্শনী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় প্রজাপতি বিষয়ক বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা ‘প্রজাপতির রং যদি হারিয়ে যায়’ । মেলায় আগত প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা বলেন, প্রকৃতি এখন বিপন্ন। একে রক্ষা করতে আজকের এ আয়োজন একটু হলেও কার্যকর হবে। মেলার আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রকৃতি ও প্রজাপতি সংরক্ষণ-এর প্রতি গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।