বাড়িতেই রবিবারের প্রার্থনা সারলো শ্রীলঙ্কার খ্রিস্টানরা

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলার পরবর্তী রোববারও গির্জায় প্রার্থনা হয়নি। লঙ্কান কর্তৃপক্ষ ও ধর্মীয় নেতাদের পরামর্শে রবিবারের প্রার্থনা বাড়িতেই সেরেছে দেশটির সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়। বিবিসি।

এর আগে বৃহস্পতিবার শ্রীলঙ্কায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির সকল ক্যাথলিক চার্চ বন্ধের নির্দেশ দেয়া হয়। ইস্টার সানডে পালনকালে ক্যাথলিক চার্চে ভয়াবহ বোমা হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এক খ্রিষ্টান যাজক এ বিষয়ে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর পরামর্শে আমরা সকল চার্চ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। তাই সবাইকে রবিবারের প্রার্থনা বাড়িতে করার নির্দেশ দেয়া হয়েছে’

তিনি আরো বলেন, ‘পরবর্র্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চার্চে কোন ধরনের জমায়েত করা যাবে না।’ সরকারের এক মুখপাত্র বলেন, ‘দেশব্যাপী চার্চগুলোতে ইতোমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

আরও পড়ুনঃ কুকুরের পশমের চেয়ে মানুষের দাড়িতে বেশি জীবাণু: গবেষণা

গত রবিবার খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে শ্রীলংকার তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫৩ জন প্রাণ হারিয়েছে ও কয়েকশ’ লোক আহত হয়েছে।

ইত্তেফাক/টিএস