২০ বছর পর একমঞ্চে
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ১৮:৪৬
এক বা দুই বছর নয়। টানা প্রায় ২০ বছর পর এক মঞ্চে আবারও অভিনয় করবেন মঞ্চের জনপ্রিয় জুটি আজাদ আবুল কালাম ও তমালিকা কর্মকার। তবে এই ব্যতিক্রমী মঞ্চায়ন দেশে হচ্ছে না। ভারতের বহরমপুরে ঋত্ত্বিক আন্তর্জাতিক উত্সবে ‘দেশ-বিদেশের নাট্য মেলা’ শীর্ষক আয়োজনে রেপাটরি থিয়েটারের প্রযোজনা শাহজাদ ফিরদাউসের উপন্যাস অবলম্বনে ‘শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস’ নাটকে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দুটি শো করবেন তারা। এ উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর নাট্যদল তাদের নাট্য কুশলীদের নিয়ে দেশ ছাড়বেন। নাটকটি রচনা করেছেন হাসান শাহরিয়ার ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
দীর্ঘদিনপর একসাথে অভিনয় প্রসঙ্গে তমালিকা কর্মকার বলেন, ‘একসাথে টিভি নাটক হয়েছে অনেক। কিন্তু মঞ্চটা সত্যিকার অর্থেই আলাদা। এর মেজাজটাই একেবারে ভিন্ন। এ কারণে এই প্রোডাকশনটা নিয়ে আমি খুবই উল্লসিত। শোটি দেশে আরও একবার মঞ্চায়িত হলে ভালো লাগবে। তবে আমরা এখন নিজেদের ব্যস্ততার ফাঁকে নাটকটির জন্য রিহার্সেলে সময় দিচ্ছি।’ উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন এই নাট্যমেলায় ভারতের বিভিন্ন প্রদেশসহ কোরিয়া, নেপাল ও পাকিস্তানের একাধিক নাট্যদল অংশ নেবে। আর এই আলোচিত নাট্য উত্সবের উদ্বোধন করবেন বাংলাদেশের নাট্যজন মামুনুর রশীদ।