‘হাসপাতালে গেলেই তো কেউ অসুস্থ হয়ে পড়ে না!’

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয় নায়করাজ রাজ্জাক শ্বাস-প্রশ্বাসজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানকার সিসিইউতে রয়েছেন। এ প্রসঙ্গে নায়ক রাজের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আসলে এই বয়সে এসে কী বলব। বয়স হয়েছে শারীরিক দুর্বলতা একটু থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এতটা দুর্বল হইনি যে আমাকে সিসিইউতে থাকতে হবে। এগুলো ভুয়া খবর। মানুষ হাসপাতালে গেলেই তো আর অসুস্থ হয়ে পড়ে না। হাসপাতালে মানুষ বিভিন্ন কারণে যেতে পারে। আমি এখনও শুটিং করছি। কয়েকদিন আগে আমি ফেনী থেকে একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করে ফিরলাম। মূলত হাসপাতালে যাওয়ার কারণ হচ্ছে, ফেনীতে প্রচণ্ড শীত পড়েছে, সেখানে শুটিং করার কারণে খানিকটা দুর্বল মনে হচ্ছিল নিজেকে, তাই হাসপাতালে বিভিন্ন টেস্টের জন্য গিয়েছি। এই বয়সে এসেও আমি অনেক সবল আছি। এইতো কয়েকদিনের মধ্যেই আবার ‘আয়না কাহিনী’ ছবিটি নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে।’