আগামী অর্থবছর থেকে জেলা বাজেট :অর্থমন্ত্রী
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:০০
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ অর্থবছরে জেলা বাজেট প্রণয়ন করা সম্ভব না হলেও আসছে বাজেটে জেলা বাজেট থাকছে। তিনি বলেন, আমরা প্রথম থেকেই জেলা বাজেট প্রণয়নের বিষয়ে উদ্যোগী হলেও পরবর্তীতে তা সম্ভব হয়নি। আগামী অর্থবছরে পূর্ণাঙ্গ আকারে না হলেও মডেল আকারে কয়েকটি জেলায় জেলা বাজেট করা হবে বলে জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে মধ্যমেয়াদী বাজেট কাঠামোর উপর আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান। জেলা বাজেট করা হলে স্থানীয় জনগণ তাদের এলাকার উন্নয়নে কী ধরনের কর্মসূচি নেয়া হয়েছে সে বিষয়ে জানতে পারবে বলে উল্লেখ করেন তিনি। অর্থ মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে। এতে জনপ্রশাসন সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া, অর্থ সচিব ফজলে কবীর উপস্থিত ছিলেন।
গত দুই তিন বছরে জেলা বাজেট প্রণয়নে ব্যর্থতার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে বেশি কিছু করতে পারেনি, এর কারণ হলো প্রচলিত পদ্ধতিতে জেলা বাজেট প্রণয়নের জন্য পর্যাপ্ত কাঠামো তৈরি হয়নি। কিন্তু বর্তমানে এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সরকারের বিকেন্দ্রীকরণের বিষয়ে তিনি বলেন, সরকারের কার্যক্রম ঢাকা থেকে বিকেন্দ্রীকরণ করা উচিত। আমাদের বর্তমান সংবিধানে এটি না থাকলেও ১৯৫৯ ও ৬০ সালে এ বিষয়টি ছিলো। তবে রাজনৈতিকভাবে বিকেন্দ্রীকরণের বিষয়টি চাওয়া হয় না বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ করেন বিকেন্দ্রীকরণের বিষয়টি এ দল বা ওই দলের কোন বিষয় নয়। বাস্তবায়িত হলে যেকোন সময়ই এ বিষয়টি গ্রহণ করা যেতে পারে। বিশ্বব্যাংকের প্রকল্পের মূল্যায়নে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক নতুনত্বের সাথে নিজেদের সম্পৃক্ত করে না। অনেক নতুন উদ্যোগের সাথে বিশ্বব্যাংক প্রাথমিকভাবে সমর্থন করেনি। আমলা হিসেবে কাজ করার সময়কালের উদাহরণ দিয়ে তিনি বলেন, সরকার এক সময় বাণিজ্য এবং শিল্পনীতি (টিআইপি) গ্রহণ করে এবং পনি সম্পদ ব্যবস্থাপনা নীতি (ডব্লিউএআরপিও) গ্রহণ করে কিন্তু সে সময় বিশ্বব্যাংক সহযোগিতা করেনি। কিন্তু ইউএনডিপি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা এতে এগিয়ে এসেছিলো। তিনি বলেন, বিশ্বব্যাংক দেরিতে সহায়তা করে এবং কৃতিত্ব তাদের বলে দাবি করে। মধ্যমেয়াদী বাজেট কাঠামোর বিষয়ে তিনি বলেন, বাজেট প্রণয়নে মধ্যমেয়াদী বাজেট কাঠামোর বিষয়টি ২০০৪ সালে যুক্ত হয়।