মেধাসম্পদের মালিকানা সুরক্ষায়
পৃথক কোর্ট স্থাপনের তাগিদ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৩৫
তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত উদ্ভাবনে উত্সাহিত করার পাশাপাশি তাদের মেধাসম্পদের মালিকানা সুরক্ষায় অর্থায়ন (আইপি ফাইন্যান্সিং) করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আওতায় অর্থায়নের এ উদ্যোগ নেয়া হবে।
শিল্পমন্ত্রী গতকাল ‘ডিজিটাল বিশ্বের জন্য মেধাসম্পদের অধিকার সুরক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২ উপলক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। তিনি বলেন, মেধাসম্পদের অধিকার সুরক্ষায় মহাজোট সরকার সচেষ্ট রয়েছে। সরকার ইতিমধ্যে ট্রেডমার্ক আইন-২০০৯ প্রণয়ন করেছে। একই সাথে ভৌগোলিক নির্দেশক আইন (জিআই ’ল)-২০১২, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল আইন-২০১২, বাংলাদেশ পেটেন্ট আইন-২০১২ প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে এসব আইন পাসের জন্য সংসদে উত্থাপন করা হবে বলে তিনি জানান।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। এতে মেধাসম্পদ বিষয়ক পৃথক দুইটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ্ এবং ব্যারিস্টার কে এম তানজিব-উল-আলম। এতে গ্রামীণ ব্যাংকের আইন ও কর্পোরেট বিষয়ক বিভাগের প্রধান ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরীসহ দেশের খ্যাতনামা প্রযুক্তি ও আইপি বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। সেমিনারে বক্তারা বলেন, মেধাসম্পদের অধিকার সুরক্ষায় বাংলাদেশে প্রয়োজনীয় আইন থাকলেও এর প্রয়োগ সীমিত। ফলে সৃজনশীল উদ্ভাবকরা তাদের মেধাসম্পদের উপযুক্ত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তারা মেধাসম্পদের অধিকার সংরক্ষণের জন্য এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। একই সাথে তারা মেধাসম্পদের মালিকানা বিষয়ক সুবিচার পেতে পৃথক আইপি আদালত স্থাপনের ওপর গুরুত্ব দেন।
বক্তারা বলেন, বাংলাদেশে সফ্টওয়্যার নির্মাণসহ তথ্য-প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে অর্থায়ন একটি বড় সমস্যা। এর সমাধানে আইসিটি খাতে অর্থায়নের পাশাপাশি আইপি অবকাঠামো জোরদার করতে হবে। এর মাধ্যমে দেশে নতুন নতুন উদ্ভাবক সৃষ্টি হয়ে ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য মেধাসম্পদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করে এর সুরক্ষায় সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের তাগিদ দেন।