মূত্রনালীর ইনফেকশন রোধে একটি ইসলামিক রীতির বৈজ্ঞানিক সুফল

ইসলামী শরীয়ত অনুযায়ী সকল মুসলিম বালকের মুসলমানি বা খতনা করাতে হয়। দেড় হাজার বছর আগে মহানবী (স:) খতনার কথা বলেছেন, অথচ আজকের আধুনিক বিজ্ঞান এর বৈজ্ঞানিক সুফল সম্পর্কে নিশ্চিত। বেরিয়ে আসছে নানা সুফলের তথ্য। শুধু মুসলমানদের জন্য নয়, অন্য ধর্মাবলম্বীরা মেডিক্যাল গ্রাউন্ডে অথবা ধর্মীয় কারণে সারকামসিশন করে থাকেন। এটাকে আরবী পরিভাষায় খতনা বলা হয়। খতনার সুফল নিয়ে একটি চমত্কার গবেষণা করেছেন অস্ট্রেলিয়ার সিডনী বিশ্ববিদ্যালয়ের সিডনী মেডিক্যাল স্কুলের মলিকুলার মেডিক্যাল সায়েন্সের অধ্যাপক এবং গবেষণার প্রধান অথার ড: ব্রায়ান মরিস। গবেষণায় উল্লেখ করা হয়, যেসব বালকের খতনা করা হয়নি (সারকামসিশন) তাদের যে সমস্ত বালকের খতনা করানো হয় তাদের অপেক্ষা কিডনী, মূত্রথলি ও মূত্রনালীর ইনফেকশন ৪ থেকে ১০ গুণ পর্যন্ত বেশি হয়। ড. মরিস এবং তার সহযোগিগণ ১৯৮৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ২২টি গবেষণায় অন্তর্ভুক্ত ৪ লাখ ৭ হাজার ৯০২ জন পুরুষের ওপর গবেষণা চালান যাদের এক-চতুর্থাংশের খতনা করানো হয়নি। পরিচালিত গবেষণায় দেখা যায়, যাদের ১ বছর বয়সের মধ্যে সরকামসিশন করানো হয় না তাদের মূত্রনালীর প্রদাহ ১০ গুণ বেশি হয়, যাদের ১ বছর থেকে ১৬ বছরের মধ্যে সারকামসিশান করানো হয় না তাদের ইনফেকশন বেশি হয় সাড়ে ৬ গুণ এবং যাদের ১৬ বছরের পরেও সারকামসিশান করানো হয় না তাদের স্বাভাবিকের অপেক্ষা ৪ গুণ মূত্রনালীর ইনফেকশন বেশি হয়। অধ্যাপক মরিস মনে করেন, সারকামসিশনের মাধ্যমে অন্তত এক-চতুর্থাংশ মূত্রনালীর ইনফেকশন হ্রাস করা যায়। এ ব্যাপারে ইউরোলজি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মূত্রনালীর প্রদাহ শিশুদের বেশি হয় এবং এতে কিডনীর সমস্যা, জ্বর ও রক্তের ইনফেকশন পর্যন্ত হতে পারে। এমনকি সারকামসিশান মরণব্যাধি এইডস ও যৌন রোগ প্রতিরোধে সহায়ক। আমেরিকান একাডেমী অব পেডিয়াট্রিক্স এই প্রথমবারের মত সারকামসিশনের সুফল সম্পর্কে কিছুটা ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং এটার প্রয়োজনীয়তার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ পিতা-মাতার ওপর ছেড়ে দেয়া উচিত বলে মনে করেন। সম্প্রতি মার্কিন রোগ প্রতিরোধ সংস্থা সিডিসি সারকামসিশনের হেলথ বেনিফিট নিয়ে মূল্যায়ন করেছে। তবে সারকামসিশনের সমালোচক হিসাবে খ্যাত মিশিগান স্টেট ইউনিভার্সিটি কলেজের ক্লিনিক্যাল প্রফেসর অব পিডিয়াট্রিক্স সারকামসিশনের নতুন গবেষণা মূল্যায়ন ত্রুটিমুক্ত নয় বলে মনে করেন। তবে সিডনীর অধ্যাপক ড. ব্রায়ান মরিস মনে করেন, সারকামসিশনের মাধ্যমে মূত্রনালীর প্রদাহ প্রতিরোধে সহায়ক হতে পারে এবং জনস্বাস্থ্য রক্ষায় এটা একটি কার্যকর পদক্ষেপ হিসাবে বিবেচনায় আনার সুযোগ রয়েছে।