বারোবাজারে রেল লাইন
ঘেঁষে অবৈধ মাছ বাজার
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৪
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে রেল লাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ মাছের বাজার। যে কোন সময় দুর্ঘটনার আশংকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে স্থানটি। মাছ বাজারে রেল লাইনের দু’পাশে গড়ে উঠেছে মাছের আড়ত্। ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে আসা ঝুড়ি ভর্তি মাছ নিয়ে রেল লাইন ঘেঁষে বসে যায়, চলে কেনাবেচা। ট্রেন এলে একটু নড়ে-চড়ে বসে। শুধু রেলের জায়গা নয়। এক পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গাও দখল করেছে বাজারের আড়তদাররা। বাজারের দক্ষিণ পাশে আছে একটি রেল গেট। সেটির পাশেও অবৈধ দখলদাররা দোকান তুলে বসেছে। ফলে এ গেটটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধভাবে গড়ে উঠা এ মাছ বাজার ভেঙ্গে দেয়া হয়। রেলওয়ের পক্ষ থেকে বার বার দখল ছেড়ে দেয়ার নোটিস দেয়া হয়েছে। কিন্তু দখলদাররা কর্ণপাত করেনি।
বারোবাজার স্টেশন মাস্টার জালাল উদ্দিন শিকদার জানান, তিনি অসহায়। বহুবার তাদের উঠে যেতে বলা হয়েছে। সিগনাল লাইনের তারের উপর লোক বসে বসে তার ঢিলা করে ফেলেছে। অনেক সময় সিগনাল ঠিকমত কাজ করে না। নোনা পানিতে লোহালক্কড়ও নষ্ট হচ্ছে।