সৈয়দপুরে শিক্ষক নিয়োগে
দুর্নীতির অভিযোগ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৬
সৈয়দপুরে শিক্ষক নিয়োগ বিধি না মেনে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়া অতি গোপনে শিক্ষক নিয়োগের আয়োজন করেছে সৈয়দপুর বিউবি (বিদ্যুত্ উন্নয়ন বোর্ড) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বাবলা জানান, পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী সরদার বিদ্যালয়ে ২ জন সহকারী শিক্ষক ও ৩ জন জুনিয়র শিক্ষক নিয়োগ করতে তার ঘনিষ্ঠজনদের নিয়ে চার সদস্যের কমিটি করেছে। এ কমিটির আহবায়ক করা হয়েছে রংপুর ২০ মেগাওয়াট জিটি বিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে। সদস্য সচিব হয়েছেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী সরদার নিজেই। কমিটির অন্য দুজন সদস্য হলেন বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মনোয়ার হোসেন ও রংপুর ২০ মেগাওয়াট জিটি বিদ্যুত্ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ। ইতোমধ্যেই তাদের মনোনীত প্রার্থীদের কাছ থেকে গোপনে দরখাস্ত জমা নিয়েছেন। আর এ অবৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ২৮ নভেম্বর গোপনে লিখিত পরীক্ষা হয়। পরদিন ২৯ নভেম্বর সম্পন্ন করা হয় মৌখিক পরীক্ষা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নিয়োগ কমিটির সদস্য সচিব প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী সরদারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, যা কিছু করা হয়েছে বোর্ডের নির্দেশনামতে।