সেতাবগঞ্জ ও রংপুর চিনি কলে আখ মাড়াই উদ্বোধন

১৭০ কোটি টাকা লোকসানের বোঝা কাঁধে নিয়ে এবং ১৭ কোটি টাকার চিনি অবিক্রিত অবস্থায় দিনাজপুর জেলার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনি শুক্রবার চলতি মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে। এবার ২০১২-২০১৩ মৌসুমের মিলটিতে ৫ হাজার একর জমির ৭০ হাজার টন আখ মাড়াই করে ৫ হাজার ২৫০ টন চিনি উত্পাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার গড় রিকোভারী ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। কারখানাটিতে এবার আখ মাড়াই চলবে ৬১ দিন এবং মিল জোন এলাকার ৪৬টি কেন্দ্র থেকে আখ ক্রয় করা হবে। তেমন কোন আনুষ্ঠানিকতা ছাড়াই মিলাদ শেষে কারখানার ক্যান কেরিয়ারে আখ নিক্ষেপণের মাধ্যমে মাড়াই উদ্বোধন করা হয়। সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর পত্নী প্রবীণ আখ চাষি রমিজা রৌফ চৌধুরী আখ মাড়াই উদ্বোধন করেন। গাইবান্ধা প্রতিনিধি ১৯ কোটি ২০ লক্ষ টাকা লোকসান মাথায় নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের চলতি মৌসুমের আখ মাড়াই গত শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জের সংসদ সদস্য প্রকৌশলী মো. মানায়ার হোসেন চৌধুরী ডোঙ্গায় আখ ফেলে মাড়াই উদ্বোধন করেন। পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো. মানায়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার প্রধান ইক্ষু উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান প্রমুখ।