সেচ মৌসুম শুরু না হতেই তাড়াশে ট্রান্সফরমার চুরি

সেচ মৌসুমের শুরুতে চলনবিলের তাড়াশ উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে এবং সংঘবদ্ধ চোরদের ৩ জনকে আটক করে তাড়াশ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। বুধবার রাতে উপজেলার আড়ংগাইল গ্রামের মাঠ থেকে ইউপি সদস্য আব্দুল গফুরের স্কীমের ট্রান্সফরমারটি চুরি হয়। গ্রামবাসী জানতে পারে আরও ৬টি ট্র্যন্সফরমারের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সংঘবদ্ধ ট্রান্সফরমার চোর দলের সদস্য ভোগলমান গ্রামের আব্দুল জলিলকে (৩৫) গ্রামবাসী আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ট্রান্সফরমার চুরি করা ও ৬টি ট্রান্সফরমারের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা স্বীকার করে। এ কাজে জড়িত তাদের সাথে রাধাকান্তপুর গ্রামের ওসিমুদ্দিন (২৭) ও আব্দুল মালেককে (২৫) আটক করে। তারা স্বীকার করে সুযোগ না পাওয়ায় বাকি ট্রান্সফরমারগুলো খুলে নিতে পারেনি। চুরি করা ট্রান্সফরমাটি বাচ্চুর বাড়িতে রাখা হয়েছে। ইতিপূর্বেও আব্দুল জলিল কৃষক আব্দুল হান্নানের স্কীম থেকে ট্রান্সফরমার চুরি করে তা ৬ হাজার টাকায় বিক্রয় করার কথা স্বীকার করে। এ ব্যাপারে তাড়াশ থানা পুলিশ জানান, তাদেরকে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য প্রতি বছর সেচ মৌসুমে চলনবিলের সব উপজেলাতে স্কীমের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়ে যায়।