সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২১:০০
বাঘাইছড়িতে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি\ খাগড়াছড়ি সেনা রিজিয়নের নিয়ন্ত্রণাধীন মারিশ্যা জোনের বাঘাইছড়ি এলাকার বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে দুর্গম পাহাড়ী পল্লী এলাকার হতদরিদ্র উপজাতীয় জনসাধারণ এবং দরিদ্র ছাত্র-ছাত্রীদেরকে চিকিত্সা সেবার পাশাপাশি শিক্ষা সহায়তা, গৃহনির্মাণ সামগ্রী, সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার মারিশ্যা জোন সদর দপ্তরে আয়োজিত সেবামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন বাঘাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সাহাদাত্ আলম।
জীবননগরে ফেনসিডিলসহ ২ কলেজ ছাত্র আটক
জীবননগর সংবাদদাতা\ র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে উপজেলা শহরের হাসপাতালপাড়ায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ জীবননগর ডিগ্রী কলেজের দুই ছাত্র রিপন সরকার (২২) ও রকিবুল ইসলামকে (২১) আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্প কমান্ডার তানভীর আহমেদ হাসপাতালপাড়ার বকুলের বাড়ির সামনে থেকে মোটর সাইকেলসহ রিপন ও রকিবুলকে আটক করে।
ভালুকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ
ভালুকা সংবাদদাতা\ যুদ্ধাপরাধীদের বিচার করা, রাজাকার মুক্ত বাংলাদেশ গঠন ও জঙ্গীবাদি জামায়াত শিবিরের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে শনিবার ভালুকায় বিজয় র্যালি ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ভালুকা উপজেলা কমান্ড। ভালুকা মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় হতে বের হওয়া বিজয় র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। পরে ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভাইস-চেয়ারম্যান সুলতান উদ্দিন রাজা।
সিরাজদিখানে ফেনসিডিলসহ ট্রাক আটক
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা\ শুক্রবার ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়ায় পুলিশ তিন হাজার ১শ’ ৩২ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে। পুলিশ ধারণা করছে ট্রাকটি উত্তরবঙ্গ থেকে মাওয়া হয়ে ঢাকায় যাচ্ছিল। সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে।
কালীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার দুই
ভ্রাম্যমাণ প্রতিনিধি\ ঝিনাইদহের কালীগঞ্জ থেকে আড়াইশ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কালীগঞ্জের শিবনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে আরিফ হোসেন আজাদ ও বিহারী পাড়ার সেলিম হোসেনের ছেলে শিকদার হোসেন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাতে তাদেরকে কালীগঞ্জ পৌরসভা ভবনের সামনে থেকে গ্রেপ্তার করে।
ফরিদপুরে সেক্টর কমান্ডার্স ফোরামের মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি\ ফরিদপুরে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল শনিবার সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তযুদ্ধ ৭১ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে মানববন্ধন চলাকালে কমলেশ চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমেদ, বিশ্বজিত্ গাঙ্গুলি, রফিকুজ্জামান লায়েক, বদিউজ্জামান বাবুল, মো. নাছির উদ্দিন প্রমুখ।
চাটখিলে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী জেলার চাটখিলের ৮নং নোয়াখলা ইউনিয়ন (পশ্চিম) আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলন শুক্রবার জীবনগর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা নুরু পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম ইব্রাহীম এর উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাছান আহম্মেদ, পৌর মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মেলন শেষে কাউন্সিলরদের সরাসরি ভোটে দেলোয়ার হোসেন ভুঁঁইয়া সভাপতি এবং টিপু সুলতান চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট সড়কে ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গতকাল রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় বাস ও একাধিক প্রাইভেটকার থামিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাস ও প্রাইভেটকারের যাত্রীদের নিকট থেকে নগদ টাকা মোবাইল সেটসহ অন্য মালামাল নিয়ে যায়। ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়।
বিশ্বনাথে ফ্রি চক্ষু শিবির
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে গতকাল শনিবার অসহায়-গরীব ও দুস্থ রোগীদের ফ্রি চক্ষু চিকিত্সা দিয়েছে এভারগ্রীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। উপজেলার ৮টি ইউনিয়ন থেকে প্রায় শতাধিক রোগী এতে চিকিত্সা সেবা গ্রহণ করেছেন। সমিতির সভাপতি জয়ন্ত কুমার দাশের সভাপতিত্বে ও প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক নূর আলম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু।
আদিতমারীতে বেগম রোকেয়া দিবস পালন
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা\ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পেশাজীবী ফোরামের আয়োজনে আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাট শাখার সহযোগিতায় গতকাল শনিবার লালমনিরহাটের আদিতমারীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। দিবসটি পালনে বর্ণাঢ্য র্যালি আদিতমারী কেবি স্কুল ও কলেজ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আদিতমারী কেবি স্কুল ও কলেজ মাঠে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জে জলদস্যু আটক
মোরেলগঞ্জ সংবাদদাতা\ মোরেলগঞ্জ থানা পুলিশ শুক্রবার দৈবজ্ঞহাটী ইউনিয়নের হাসেম খার বাজার থেকে জলদস্যু আলকাজ শেখকে (৪৫) গ্রেফতার করেছে। আলকাজ শেখ উপজেলার অত্র ইউনিয়নের খালকুলা গ্রামের তাহের শেখের পুত্র। তার বিরুদ্ধে মংলা ও শরণখোলা থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।
রানীনগরে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁর রাণীনগরে গতকাল শনিবার আশা’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রানীনগর শাখার প্রায় সকল গ্রামে মহিলাদের মাঝে খাবার তৈরির জায়গা পরিষ্কার, খাবার ঢেকে রাখা ও স্যানিটেশন বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা রানীনগর ১ ও ২ ব্রাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন।
দিনাজপুরে খাদ্য গুদাম উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ গতকাল শনিবার দিনাজপুর শহরের এলএসডি চত্বরে নবনির্মিত ১ হাজার টন খাদ্য গুদামের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মমিন সরকার, দিনাজপুর চাউলকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব হামিদুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি মো: আনোয়ারুল ইসলাম।
যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি\ স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নের দাবিতে প্রেসক্লাব চত্বরে শনিবার সকালে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম ৭১। মানববন্ধনে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রশিদ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, মুক্তিযোদ্ধা কমরেড আঃ হালিম।
ধামরাইয়ে নেশা করে একজনের মৃত্যু
ধামরাই সংবাদদাতা \ উপজেলার ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পের মোঃ আতিকুর রহমানের পুত্র মোঃ আনোয়ার নেশা করে শুক্রবার সন্ধ্যায় মারা যায়। সে দীর্ঘদিন ধরে নেশা করত।
মাদকাসক্ত আনোয়ারের মরদেহ শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়ির উঠানে পড়ে ছিল। তার মৃত্যতে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
দিনাজপুরে মোটর সাইকেল মিছিল
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল শনিবার দিনাজপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহাজোট সরকারের প্রশাসন-বিচার ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা, নির্যাতন, গুম, হত্যা, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত্ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মহাসড়ক ও রাজপথ অবরোধ কর্মসূচীকে সফল করার জন্য বিশাল মোটর সাইকেল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সুনামগঞ্জ সংকীর্তন পরিষদের কমিটি গঠন
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জ তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন পালন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার গীতা পাঠের মাধ্যমে সুনামগঞ্জ কেন্দ্রীয় কালী বাড়ী নাট মন্দির প্রাঙ্গণে শহরের গণ্যমান ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভায় অ্যাডভেকেট মলয় চক্রবর্তী রাজুকে সভাপতি, সুমন সাহাকে সাধারণ সম্পাদক ও পীযূষ চন্দ্র পিকুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জামালপুরে ছাত্রলীগের কমিটি গঠন
জামালপুর প্রতিনিধি \ বাংলাদেশ ছাত্রলীগ জামালপুরের নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা ছাত্রলীগ কার্যালয়ে উত্সবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আরাফাত। শাকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী।
কাপ্তাইয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু
রাঙ্গুনিয়া সংবাদদাতা \ রাঙ্গামাটির দক্ষিণাঞ্চলীয় উপজেলা নতুন শহরখ্যাত কাপ্তাইয়ে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ কাপ্তাই উপজেলা কমান্ডের আয়োজনে উপজেলা সদর বড়ইছড়িস্থ কর্নফুলি ষ্টেডিয়ামে শুক্রবার মেলা উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী মেলা উদ্বোধন করেন। কাপ্তাই উপজেলা কমান্ডের কমান্ডার শাহদাত্ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠস্বর রাখাল চন্দ্র বর্ণিক, চিত্মরম ইউপি চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মার্মা। উপজেলা কমান্ডের কমান্ডার শাহাদাত্ হোসেন জানিয়েছেন, মেলা বিজয় মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হবে।