বহুল প্রতীক্ষিত ম্যানচেস্টার ‘ডার্বি’ আজ

‘আমরা যদি জিতি, তবে এটা হবে আমাদের সেরা ফল। তারা সত্যি একটা ভাল, শক্তিশালী দল যাদের আছে অনেক বড় মাপের খেলোয়াড়।’ ‘পরিষ্কারভাবে এটা আমাদের প্রিমিয়ার লিগ জয়ে সাহায্য করবে। কারণ আমরা ইউরোপা লিগেও খেলছি না।’ স্পোর্টস ডেস্ক চেলসির সামপ্রতিক দুর্দশায় ইংলিশ প্রিমিয়ার লিগটি এবার দৃশ্যতই ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মধ্যকার দুই দলীয় লড়াইয়ে পরিণত হতে চলেছে। এরকম প্রেক্ষাপটের মধ্যে ম্যানচেস্টার শহরের ক্লাব দুটি আজ রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চলতি মৌসুমের প্রথম মোকাবেলায় নামছে যা কিনা আবার চলতি মৌসুমের সবচাইতে বড় ম্যাচ। স্যার অ্যালেক্স ফার্গুসনের দল ইউনাইটেড ম্যাচটি খেলতে লিগের বর্তমান চ্যাম্পিয়ন সিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে যাবে। ম্যান ইউ চ্যাম্পিয়নদের চাইতে তিন পয়েন্টে এগিয়ে থাকলেও দু’ দলের কেউ এখন পর্যন্ত নিজেদের সেরা ফর্মে নেই। রবার্তো ম্যানচিনির সিটি এখনো অপরাজিত আছে। কিন্তু গত মৌসুমে আক্রমণে যে ধার দেখিয়ে শিরোপা তুলে নিয়েছিল তা এখনো দেখা যাচ্ছে না। ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগে সমস্যা থাকলেও সেটা কাটিয়ে উঠে দলটি তারকা খচিত আক্রমণভাগ দিয়ে। ফার্গুসন নিজেও স্বীকার করেন এ সমস্যাটি। স্কটল্যান্ডে বাচ্চাদের এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটা উদ্বেগজনক।’ ব্যাপারটা স্বীকার না করে উপায়ও নেই তার। কেননা চলতি মৌসুমে অংশ নেয়া ২৩টি খেলার মধ্যে ১৫টিতেই ইউনাইটেড প্রথমে পিছিয়ে পড়েছিল। সেজন্য তিনি বলেন, ‘আমরা যদি রবিবারও এরকম করি, তবে ঈশ্বর জানেন আমাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে।’ পেট্রো ডলারের বদৌলতে বদলে যাওয়া ম্যান সিটিই মূলত ম্যানচেস্টার ডার্বিকে অতটা জমিয়ে তুলেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ইংলিশ ফুটবলে ‘ডার্বি’ বা নগরপ্রতিদ্বন্দ্বীদের খেলাগুলোর মধ্যে এখন এটাই সবচাইতে আকর্ষণীয় হয়ে দেখা দিয়েছে। গত মৌসুমে সিটি তো লিগের উভয় খেলাতেই জয়ী হয়েছিল। সেজন্য ফার্গুসন বলেন, ‘আমরা যদি জিতি, তবে এটা হবে আমাদের সেরা ফল। তারা সত্যি একটা ভাল, শক্তিশালী দল যাদের আছে অনেক বড় মাপের খেলোয়াড়।’ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে এমনকি ইউরোপা লিগেও খেলার যোগ্যতা হারানোর কারণে ম্যান সিটির সমস্ত মনোযোগ থাকবে এখন ইংলিশ প্রিমিয়ার জয়ের দিকে। তাই ইটালিয়ান কোচ ম্যানচিনি বলেন, ‘পরিষ্কারভাবে এটা আমাদের প্রিমিয়ার লিগ জয়ে সাহায্য করবে। কারণ আমরা ইউরোপা লিগেও খেলছি না।’ চেলসি ২০ অক্টোবর যখন টটেনহ্যামকে ৪-২ গোলে হারায়, সেই সময়েও দলটি পয়েন্ট টেবিলে চার পয়েন্টে এগিয়ে ছিল। তখন তারা দুর্দান্ত ফুটবল খেলছিল এবং শিরোপা জয়ে ফেভারিট ভাবা হচ্ছিল তাদের। ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা এরপর সাত খেলায় জয়হীন এবং ম্যান ইউ থেকে বর্তমানে ১০ পয়েন্ট পেছনে পড়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে দলটি। এরকম পরিস্থিতিতেই ক্লাব বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে গত রাতে তারা সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছে। গত রাতে খেলা ছিল আর্সেনাল ও ওয়েস্টব্রমউইচেরও। অপরদিকে আজ লিভারপুল খেলতে যাবে ওয়েস্ট হ্যামের মাঠে।