মঙ্গলবার থেকে ঢাকা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৩৪
পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করাসহ ৭ দফা দাবিতে ঢাকা বিভাগে আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটি।
এ ধর্মঘট সফল করার লক্ষ্যে গতকাল শনিবার সকালে গাজীপুর জেলা সদরের চান্দনা চৌরাস্তায় সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি চান্দনা চৌরাস্তার সড়ক পরিবহন অফিসের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান, সহ-সাধারণ সম্পাদক হাজী আব্দুল মোতালেব, শ্রমিক নেতা মিরান উদ্দিন প্রমুখ।