নড়াইলে চর দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ

মধুমতি নদীর চরে ভূমিহীনদের ৮০ বিঘা জমি দখল করে ইটভাটা নির্মাণ কাজে বাধা দেয়ায় ভূমিহীনদের সঙ্গে দখলদারদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। নড়াইল জেলার কালিয়া উপজেলার চাপাইল গ্রামে গতকাল এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে রিপন সরদার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলিবিদ্ধ হয়েছেন এক নারীসহ ১৩ জন। অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাংচুর ও একটি ট্রাক্টর পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ১৩ জনসহ ২৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হাফেজ মহসিন সরদার, হাসমত সরদার, ফরিদ চৌধুরী, মফিজুর চৌধুরী, রুস্তুম শেখের শরীর থেকে গুলি বের না করতে পেরে খুলনায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নড়াইল জেলার কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মধুমতি নদীর চরে সরকারি বন্দোবস্ত পাওয়া ভূমিহীনদের জমি দখল করে পাশ্বর্বর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামের জাহিদ সিকদার ইটভাটা নির্মাণ করার কাজ শুরু করে। গতকাল শনিবার সকাল সাতটার দিকে চাপাইল গ্রামের ভূমিহীন ও মুক্তিযোদ্ধা কাছেম খাঁর জমি দখল করতে যায় জাহিদের লোকজন। খবর পেয়ে ভূমিহীনরা এতে বাধা দেয়। এ সময় জাহিদ সিকদারের নেতৃত্বে তার লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভূমিহীনদের উপর হামলা চালায়। দুই পক্ষের মধ্যে বেধে যায় সংঘর্ষ। এ সময় জাহিদের লোকজন ছয়টি আগ্নেয়াস্ত্র দিয়ে বৃষ্টির মতো গুলিবর্ষণ করতে থাকে। পিছু হটে ভূমিহীনরা। সকাল নয়টার দিকে সংঘর্ষ থেমে যায়। সংঘর্ষ চলাকালে ভূমিহীন আহাদ মোল্লা, কাছেম খাঁ, নিজাম খাঁ, ইমামুল হাসানের বাড়িসহ অন্তত সাতটি বাড়ি ভাংচুর করা হয়। জিন্নাত আলী সরদারের ট্রাক্টর জাহিদ সিকদারের লোকজন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ভূমিহীনরা ড্রেজারের পাইপ, ইটভাটার টিনের ছাপড়াঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। মুক্তিযোদ্ধা ও ভূমিহীন কাছেম খাঁ বলেন, ৩ মাস আগে সিংগাতী গ্রামের জাহিদ প্রথমে মুলশ্রী গ্রামের ভূমিহীনদের জায়গা দখল করে ইটভাটা করার পরিকল্পনা করেন। পরে ভূমিহীনরা বাধা দিলে সেখান থেকে হটে এসে সমপ্রতি জাহিদ চাপাইলে ইটভাটা করার কাজ শুরু করেন। তার লোকজন চাপাইল মধুমতি নদীর চরে আমাদের বন্দোবস্ত পাওয়া জমির ফসল জোর করে কেটে নিয়ে জমি দখল করে নেয়। এ নিয়ে নড়াইল কোর্টে ও নড়াগাতী থানায় আমরা মামলা করি। মামলা করার কারণে স্থানীয় ছয় ইউপি চেয়ারম্যান, দুই থানার ওসি ও ভাটার উদ্যোক্তারা ভূমিহীদের সঙ্গে বসে সালিশ বৈঠক করে চাপাইলে ভাটা না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু হঠাত্ করে গতকাল শনিবার সকালে জাহিদের লোকজন আমার জমিতে ড্রেজার দিয়ে বালু ফেলে দখল শুরু করে। তারপর আমরা বাধা দিলে জাহিদের লোকজন আমাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। অভিযুক্ত জাহিদ সিকদারের চাচাতো ভাই তুহিন সিকদার ও ফুপাতো বোন নার্গিস বেগম ভূমিহীনদের জায়গা দখলের কথা অস্বীকার করে বলেন, জাহিদ সিকদার তার পৈতৃক জমিতে ইটভাটা করছেন। চাপাইল ও সিংগাতীর লোকজন তার কাছে চাঁদা দাবি করে ও ইটভাটা করতে বাধা দেয়। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাগেরহাট জেলার মোল্লাহাট থানার ওসি খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সরকারি খাস জমিতে ইটভাটা নির্মাণ নিয়ে ভূমিহীন ও প্রভাবশলী জাহিদ সিকদারের মধ্যে সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু লোক আহত হয়েছে। যারা গুলি করেছে তাদের অস্ত্র বৈধ হোক আর অবৈধ হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। টুঙ্গিপাড়ায় সংঘর্ষে আহত ২৫ টুঙ্গিপাড়ায় বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক ইউপি মেম্বারসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহত ১৩ জনকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।