অগ্নিসংযোগ ও নাশকতায় তত্পর
জঙ্গিরা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৪৫
রাজধানীসহ সারাদেশে সামপ্রতিক সময়ে পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যানারে জঙ্গিরা জড়িত বলে জানিয়েছেন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সুযোগ নিচ্ছে জঙ্গিরা। শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, রাজনৈতিক ব্যানারে জঙ্গিরা হামলা, ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজি করছে। জঙ্গিদের গ্রেফতারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কার্যক্রম চালাচ্ছে বলে কর্মকর্তারা জানান।
এদিকে আজ রবিবার বিএনপিসহ ১৮ দলের অবরোধ কর্মসূচিতে মাঠে জঙ্গিরা থাকবে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। তারা নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করছেন গোয়েন্দারা। র্যাব ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান বলেন, হামলার আশংকার বিষয়টি মাথায় রেখে র্যাবের গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের এসব জঙ্গিদের ব্যাপারে সচেতন থাকা উচিত।
দুই কর্মকর্তা বলেন, কাল সাপের চরিত্র যেমন দংশন করা তেমনি জঙ্গিদের কাজ নাশকতা সৃষ্টি করা। এখন তাদেরকে রাজনৈতিক সুবিধার জন্য মদদ দিলে সময় ও সুযোগ মত তারা ঠিকই ছোবল দিবে। অতীতে ও বর্তমানে গ্রেফতারকৃত জঙ্গি নেতাকর্মীদের কার্যক্রম এবং তাদের আচরণেই এর প্রমাণ মিলেছে বলে কর্মকর্তারা জানান।
গতকাল কাওরান বাজার, সার্ক ফোয়ারা, মতিঝিল, ফকিরাপুল, মহাখালী, বিজয় নগর, যাত্রাবাড়ী ও পুরান ঢাকায় কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ এবং বোমাবাজির ঘটনা ঘটেছে। এসব অধিকাংশ ঘটনার সঙ্গে জঙ্গিরা জড়িত বলে গোয়েন্দা কর্মকর্তারা প্রমাণ পেয়েছেন। সকল গোয়েন্দা সংস্থা আজকের অবরোধ কর্মসূচিতে জঙ্গি তত্পরতা রোধে কড়া নজরদারি রাখবে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান। রাজনৈতিক কর্মসূচির সুযোগে জঙ্গিরা মাঠে তত্পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলকে ভাবিয়ে তুলছে।
পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, যানবাহনে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও নাশকতামূলক ঘটনার বিষয়ে মামলা হয়েছে। জড়িত অনেকে গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় জঙ্গি বা জামায়াত যেই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভাংচুর, অগ্নিসংযোগ, বোমাবাজি ও নাশকতা পুলিশ ও র্যাব কঠোর হস্তে দমন করবে বলে তিনি জানান।