বিচারকদের হত্যার হুমকি দিয়ে
এসএমএস
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৪৯
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিজেএমএম) বিকাশ কুমার সাহাসহ নিম্ন আদালতের বিচারকদের হত্যার হুমকি দিয়ে মোবাইলে মেসেজ দেয়া হয়েছে। বার্তা সংস্থা বাংলা নিউজ জানিয়েছে, ২৬ জন বিচারককে হাত-পায়ের রগ কেটে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
গতকাল শনিবার পৃথক পৃথকভাবে পাঠানো বাংলালিংক ০১৯৮১৬১১৯১৪ নম্বর থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, তোরা ইসলামের এনিমি (শত্রু)। তোরা ইসলামের নেতা-কর্মীদের জামিন না দিয়ে তাদের আটক রেখেছিস। পুলিশকে মারার পরে এখন তোদের পরিবারের মেম্বারদের রগ কাটবো। তোদের জীবনে মারবো। বি রেডি (তৈরি হও)। আল্লাহ আকবর। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে।
মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মাহবুবুল আলম বিডিনিউজকে জানান, বাংলালিংকের একটি নম্বর থেকে এসএমএসটি মুখ্য মহানগর হাকিমের মোবাইলে আসে। তিনি বলেন, সমপ্রতি পুলিশকে মারধর ও হত্যা চেষ্টা, তাদের কাজে বাধা দান, গাড়ি পোড়ানো ইত্যাদির অভিযোগে রাজধানীসহ সারাদেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলোতে জামিন না পেয়ে তাদের পক্ষ থেকে এ হুমকি দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই নম্বর ব্যবহারকারীকে শিগগিরই খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এর আগেও বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক ও মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এবং যুদ্ধাপরাধের বিচার শুরুর পর আইন প্রতিমন্ত্রী ও এটর্নি জেনারেলসহ বেশ কয়েকজনকে হাতে লেখা চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছিল।