ক্রিকেট স্টেডিয়ামে খেলা
উপভোগ করলেন
উত্ফুল্ল প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক দিনের পাঁচ ম্যাচের সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ উপভোগ করেন। দুপুর থেকে প্রধানমন্ত্রী তার বাসায় টিভি পর্দায় দেখছিলেন শক্তিধর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলার টাইগারদের খেলা। এই ম্যাচটি জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ। তাই টেলিভিশনের পর্দায় তার মন ভরেনি। মন মানছিলো না কিছুতেই। তাই মাঠে থেকে নিজ দেশের সোনার ছেলেদের উত্সাহ যোগাতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুটে গেলেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ভিভিআইপি বক্সে বসে উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেন। এ সময় প্রধানমন্ত্রী ছিলেন বেশ উত্ফুল্ল।
শেখ হাসিনা স্টেডিয়ামে পৌঁছলে গ্যালারির দর্শকরা তুমুল করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানান। হাত নেড়ে প্রধানমন্ত্রী তার জবাব দেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীম যখন প্রচণ্ড চাপের মধ্যে থেকেও ইন্ডিজের বোলারদের চার-ছয় হাঁকাচ্ছিলেন তখন স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের মতো নিজের আসনে স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না শেখ হাসিনা। টাইগাররা যখনই চার-ছয় হাঁকাচ্ছিলেন, তখনই প্রধানমন্ত্রী নিজ আসন থেকে উঠে হাততালি দিয়ে খেলোয়াড়দের উত্সাহ দিচ্ছিলেন।
গতকাল সকালে ছিল বেশকিছু সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ এবং নীতিনির্ধারণী বৈঠক। সকাল সকাল সেসব সেরে ফেলেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় গণভবনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। রুদ্ধদ্বার বৈঠকটি যখন ঘড়ির কাঁটা আড়াইটা ছুঁই ছুঁই। তখন আর স্থির থাকতে পারেননি প্রধানমন্ত্রী। বৈঠক শেষ করেই ছুটে যান বাসার টেলিভিশনের সামনে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটিংটি তিনি টেলিভিশনের পর্দায় প্রত্যক্ষ করেন।
স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তার ছেলে সজীব ওয়াজেদ জয়, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।