চীনের ৪শ ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানি হ্যাকাররা

চীনের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে পাকিস্তানি হ্যাকাররা। পাকিস্তানের গণমাধ্যমের খবরে এই দাবি করে বলা হয়, চীনের চার শতাধিক সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে পাকিস্তানি হ্যাকাররা। খবর টাইমস অব ইন্ডিয়ার। চীনে এটি পাকিস্তানি হ্যাকারদের সবচেয়ে বড় ধরনের সাইবার হামলার ঘটনা। এর আগে পাকিস্তানের হ্যাকাররা ভারতের সেনাবাহিনীসহ সরকারি অনেক ওয়েবসাইট হ্যাক করে বেশ ক্ষতি করে। ওয়েবসাইট হ্যাকিংসংক্রান্ত তথ্য প্রদানকারী সাইট হ্যাক রিড সূত্রে জানা গেছে, পাকিস্তানি হ্যাকাররা চীনের হেনান প্রদেশের জু চ্যাং শহরের ওয়েবসাইটগুলো লক্ষ্য করে এই সাইবার হামলা চালিয়েছে। ‘কোড ক্র্যাকার’ নামে একটি হ্যাকার গোষ্ঠী এই হামলা চালায়। ‘কোড ক্র্যাকার’ পাকিস্তান সাইবার আর্মির একটি অংশ বলে ওয়েবসাইটটি জানিয়েছে। ওয়েবসাইটটি আরো জানিয়েছে, হ্যাকাররা জু চ্যাং শহরের আদালত ও সরকারি ওয়েবসাইটগুলোর ছবিসহ বেশ কিছু তথ্য নষ্ট করে ফেলেছে। জু চ্যাং সরকারের প্রায় ৪৩৭টি ওয়েবসাইটের সাব-ডোমেইনসহ ওয়েব পেজগুলোও হ্যাক করেছে ওই হ্যাকাররা।