মেসির খেলা নিয়ে শংকা দূর

লিওনেল মেসি বার্সেলোনার হয়ে লা লিগায় রিয়াল বেটিসের বিরুদ্ধে খেলতে পারেন। গত বুধবার বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ খেলাটিতে বাঁ-পায়ের হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলে তার খেলা নিয়ে শংকা দেখা দিয়েছিল। এখন ক্লাবটি গতকাল শনিবার জানিয়েছে হাঁটুর ইনজুরির শংকা কাটিয়ে উঠেছেন আর্জেন্টাইন খেলোয়াড়টি। সর্বশেষ ডাক্তারী পরীক্ষা শেষে জানানো হয়েছে তার ইনজুরির শংকা দূর হয়েছে এবং এখন তাকে লিগ ম্যাচের জন্য পাওয়া যাবে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়-‘বার্সার ১০ নম্বর জার্সিধারী শনিবার দলসঙ্গীদের সাথে অনুশীলন করেছেন এবং কোচ টিটো ভিলানোভা তাকে সেভিয়েতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর্জেন্টাইন ফুটবলারটি বাম হাঁটুর হাড়ের আঘাত থেকে সেরে উঠেছেন।’ভিলানোভাও মেসিকে নিয়মিত একাদশে রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। জিতলে এটি হবে তার অধীনে চলতি মৌসুমে বার্সার ১৫ খেলায় ১৪তম জয়।