বেসরকারি সহকারী প্রধান ও প্রধানশিক্ষক নিয়োগে নিবন্ধন প্রক্রিয়া প্রসঙ্গে
মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক (জীববিজ্ঞান), জামিলা খাতুন লালবাগ উচ্চ বালিকা বিদ্যালয়, লালবাগ, ঢাকা।
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
দেশে প্রায় ২৭,২৫০টি বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে । প্রতিটি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের দুটি প্রশাসনিক পদ রয়েছে । আর এ পদে যারা নিয়োগ পাচ্ছেন তাদের অধিকাংশেরই প্রশাসনিক যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার অভাব রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে নিয়োগ পদ্ধতির দুর্বলতা । এলাকার রাজনৈতিক প্রভাবে , পেশিশক্তির বলে, এমনকি অর্থের বিনিময়ে কমিটির লোকজন সহকারী শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে নিয়োগ দিচ্ছেন। এতে করে ঐ প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে চলছে না। যার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে দেখা দিচ্ছে দলাদলি, গ্রুপিং ও ফাঁকিবাজির মনোভাব। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। তাই সহকারী শিক্ষকদের মতো সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক পদের জন্যও নিবন্ধন প্রক্রিয়া শুরু করলে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকগণ বাংলা, ইংরেজি, গণিত ও প্রশাসনিক দিক থেকে অধিকতর যোগ্য ও দক্ষ হতেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।