আসামি পক্ষকে ট্রাইব্যুনালে সময়মতো হাজিরের নির্দেশ
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:০০
পরবর্তী দিন থেকে আসামিপক্ষের আইনজীবী এবং সাক্ষীদের সঠিক সময় ট্রাইব্যুনালে হাজির থাকার নির্দেশ দিয়েছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রবিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এক আদেশে বলেন, আসামিপক্ষের আইজীবী এবং সাক্ষীদের দায়িত্ব হচ্ছে সময়মতো ট্রাইব্যুনালে উপস্থিত থাকা। তাদের সময়মতো উপস্থিত থাকার নির্দেশ দেয়া হচ্ছে। এছাড়া আগামীকাল (সোমবার) আসামিপক্ষের সাফাই সাক্ষী ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্তকৃত) আব্দুল্লাহহিল আমান আজমী হাজির না হলে তার সাক্ষ্যগ্রহণ বন্ধ করে দেয়া হবে।
গতকাল জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের পক্ষে প্রথম সাফাই সাক্ষী তার ছেলে আব্দুল্লাহহিল আমান আযমীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু বিরোধীদলগুলোর ডাকা অবরোধের কারণে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। এছাড়া গোলাম আযমের মামলা পরিচালনাকারী আইনজীবীরাও উপস্থিত ছিলেন না। পরে দুপুরে ট্রাইব্যুনাল বসলে আসামিপক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান এসব বিষয় জানিয়ে গতকালের মতো আদালত মুলতবি করার জন্য আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম মুলতবি আবেদনের বিরোধিতা করেন। এরপর টাইব্যুনাল তার আদেশে বলেন, আসামিপক্ষের আইজীবী এবং সাক্ষীদের কর্তব্য হচ্ছে সময়মতো ট্রাইব্যুনালে উপস্থিত থাকা। মুলতবির আবেদন মঞ্জুর করে আজ সোমবার আযমীর সাক্ষ্যগ্রহণের দিন পুনঃর্নিধারণ করে ট্রাইব্যুনাল বলেন, তারা সোমবারও (আজ) ট্রাইব্যুনালে আসতে ব্যর্থ হলে আসামিপক্ষের এ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ বন্ধ করে দেয়া হবে। উল্লেখ্য, আব্দুল্লাহিল আমান আযমী গত ১২ নভেম্বর থেকে তার বাবা গোলাম আযমের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন।