মাদকমুক্ত তরুণ সমাজ গঠন আন্দোলনে মুসা ইব্রাহীম
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:০১
এভারেস্ট বিজয়ের পর এবার মাদকমুক্ত তরুণ সমাজ গঠন এবং বৃক্ষ রোপণ আন্দোলনে নেমেছেন এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহীম। বাইসাইকেলযোগে দেশ ভ্রমণের মাধ্যমে এই প্রচারাভিযান শুরু করেছেন তিনি। এরই অংশ হিসাবে গতকাল রবিবার দিনাজপুরের ফুলবাড়িতে কিছু সময়ের জন্য অবস্থানসহ স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এক ফলদ বৃক্ষচারা রোপণ করেন মূসা ইব্রাহীম।
জানা গেছে, মাদকমুক্ত তরুণ সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠন এবং পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য বৃক্ষরোপণ আন্দোলনকে জোরদার করতে এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহীম দেশব্যাপী বাইসাইকেল ভ্রমণের উদ্দেশ্যে গত ২ ডিসেম্বর ঢাকা থেকে ২০ জন সঙ্গী নিয়ে রওনা দেন। দলটি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর, নিলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়ে গতকাল রবিবার দিনাজপুর সফর শেষ করেছে। এরপর জয়পুরহাট, নওগাঁ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা হয়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলো সফর করবেন। ইতিমধ্যে দলের ৭ জন সদস্য অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে সফরসঙ্গী রয়েছেন ১৩ জন।
এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহীম বলেন, ভ্রমণকালে তিনি দেশের প্রতিটি এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছেন এবং সার্বিক সহযোগিতা পাচ্ছেন।