উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে নারী শিক্ষাকে এগিয়ে নিতে হবে
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:০৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক একুশে পদক প্রাপ্ত ড. মুনতাসীর মামুন বলেছেন, উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে নারী শিক্ষাকে এগিয়ে নিতে হবে। নারীদের শিক্ষা অর্জনে যেসব প্রতিকূলতার সৃষ্টি হয়ে থাকে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিটি সমাজ সচেতন লোককে ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে, নারীদের শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে উন্নত বিশ্বের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারব না। তিনি শনিবার কচুয়া উপজেলা হাসিমপুরে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০১২ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম সচিব (অব.) মো. রফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন ও কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ডলি সায়ন্তনী ও বিউটি আক্তারসহ বেশ ক’জন খ্যাতনামা শিল্পী অংশ নেন।