বাংলাদেশে থাকতেই চান সাকলাইন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:০৫
সাকলাইন মুশতাকের তিন মাসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এ মাসেই। এ মাসের ১৩ তারিখে তিনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন। অল্প সময়ের জন্য এসেও জাতীয় দলের প্রতি তার ভালো লাগা সৃষ্টি হয়েছে। এই ভালো লাগা থেকেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে থাকার জন্য আগ্রহী। জাতীয় দলের সাথে কাজ করতেও তার ভালো লেগেছে। এখানকার পরিবেশ, সুযোগ-সুবিধা সবকিছু তিনি উপভোগ করেছেন। কাল হোটেল লবিতে দাঁড়িয়ে তার আগ্রহের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখানে থাকতে আগ্রহী। বিসিবি আমাকে কিভাবে রাখবে সেটিই হচ্ছে মূল বিষয়। কারণ আমার পরিবার বারো বছর ধরে ইংল্যান্ডে রয়েছে। বিসিবি যদি আমাকে রাখে তাহলে আমার সাথে চুক্তির বিষয়টি কিরকম হবে সেটিও দেখার বিষয় থাকবে’।
আয়ারল্যান্ড সফরের আগে তিন মাসের চুক্তিতে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের সাবেক লিজেন্ড তারকা সাকলাইন। আয়ারল্যান্ড সফরের আগে তেমন কাজ করার সুযোগ না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়েষ্ট ইন্ডিজ সফরের সময় খেলোয়াড়দের খুব কাছ থেকে পেয়েছেন তিনি। সাকলাইনকে পেয়ে জাতীয় দলের খেলোয়াড়রাও অনেক উপকার পেয়েছে সেটি তারাও স্বীকার করছে। খেলোয়াড়দের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছেন তাই বাংলাদেশ ছেড়ে যেতে হলেও তার কষ্ট হচ্ছে। বাংলাদেশি খেলোয়াড়দের প্রসঙ্গে সাকলাইনের অভিমত, ‘ওরা খুবই মেধাবী খেলোয়াড়। তারা জানে কিভাবে খেলতে হবে। কোথায় বল ফেলতে হবে এটাও তারা বুঝতে পারে। আমার তাদের সাথে কাজ করে ভালো লেগেছে’। এসব কারণে বাংলাদেশ ছেড়ে যেতে হলেও তিনি এখানে থাকতে আগ্রহী। কিন্তু তাকে রাখতে হলে বিসিবিকেও নতুন করে সাকলাইনের সাথে চুক্তি করতে হবে।