কক্সবাজারে বেড়িবাঁধ নির্মাণের দাবি
আহমেদ গিয়াস, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:১৫
টেকনাফের শাহপরীর দ্বীপের অসংখ্য বসতি প্রতিবছর সমুদ্রগর্ভে হারিয়ে যাচ্ছে। ১০ হাজার একর ভূমি বিলীন হয়ে গেছে সমুদ্রে। গতবছরও সামুদ্রিক জোয়ারের তোড়ে প্রায় ২ কিলোমিটার বেড়ীবাঁধ ভেঙ্গে গেছে। দ্বীপের জমিতে জোয়ারের পানি আসা-যাওয়ায় ২ হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে না। দ্বীপের বাসিন্দারা সমুদ্র তীরে টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলীয় এলাকা শাহপরীর দ্বীপ জলবায়ু পরিবর্তনজনিত কারণে পড়েছে প্রচণ্ড ঝুঁকিতে। বর্ষাকালে সামুদ্রিক জোয়ারের তোড়ে প্রতিবছর হারিয়ে যাচ্ছে দ্বীপের বসতবাড়ি,পানের বরজ, ব্যবসা প্রতিষ্ঠানসহ চাষাবাদের জমি। কয়েকশ’ বছরের প্রাচীন বদর মোকাম ঘাট এভাবে হারিয়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান জানান, গত বর্ষা মৌসুমে শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া, দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়াসহ দক্ষিণ-পশ্চিমের প্রায় ২ কিলোমিটার বেড়ীবাঁধ সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে।