সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও গৌরীপুরে ৭ জন নিহত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভার ব্রিজের কাছে ট্রাক ও পিকআপভ্যানের সংষর্ঘে ৫ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছে । পুলিশ জানায়, শনিবার মধ্য রাতে বগুড়ার শেরপুর থেকে ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ ৫ জন নিহত হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা যায়। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। এরা হচ্ছে-ট্রাক চালক শেরপুরের মগরব আলীর পুত্র আজিজুর রহমান (৪০), টা্ংগাইলের সাগরদিঘি গ্রামের জালাল উদ্দিন (৩৫) ঢাকার ছয়বাড়িয়া গ্রামের হাশেম শিকদার (৪৫)। গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গৌরীপুরে রবিবার পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুরে ইটখলা মাটিবাহী হ্যান্ডট্রলী চাপায় দৌলতপুরের হবি মিয়ার পুত্র ইব্রাহিম মিয়া (১১) নিহত হয়েছে। শনিবার গৌরীপুর থেকে ভূটিয়ারকোনাগামী ম্যাক্সি (গাইবান্ধা জে-০২-০০২) দারিয়াপুরে মোঃ মজিবুর রহমানের কন্যা নওরিনকে (৬) চাপা দিলে রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।