রাঙ্গামাটিতে অপহূত তিন কাঠ শ্রমিক মুক্তি পেয়েছে
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:১৯
রাঙ্গামাটি শহরের বনরুপা সমতাঘাট থেকে অপহূত তিন কাঠ শ্রমিককে পাঁচদিন পর মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। রাঙ্গামাটির কুতুকছড়ি এলাকায় অপহূতদের ছেড়ে দেয় অপহরণকারীরা। মুক্তি পাওয়ার পর কাঠ শ্রমিকরা শনিবার রাত ৯ টায় রাঙ্গামাটি শহরে করাত কল সমিতির কার্যালয়ে সুস্থ শরীরে এসে পৌঁছে। এ সময় অন্য কাঠ শ্রমিকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
রাঙ্গামাটি করাত কল সমিতির সভাপতি মোঃ খোকন জানান, করাত কল শ্রমিকদের বেঁধে দেয়া সময়ের মধ্যে শনিবার রাতে তিন কাঠ শ্রমিককে ছেড়ে দেয়ায় করাত কল শ্রমিকরা রবিবার থেকে রাঙ্গামাটির সকল করাত কলে কাজ শুরু করেছে।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় অস্ত্রের মুখে বনরুপা রাঙ্গামাটি শহরের বনরূপা সমতাঘাট থেকে অস্ত্রের মুখে নুর মোহাম্মদ, জুলফিকার আলী ভুট্টো,ও বাচা মিয়াকে অপহরণ করে।
এরপর রাঙ্গামাটি শহরের করাত কলগুলোতে কাজ বন্ধ করে দিয়ে শনিবারের মধ্যে অপহূতদের মুক্তি দেয়ার জন্য সময়সীমা বেঁধে দেয় শ্রমিকরা।মুক্তিপ্রাপ্তরা জানান, অস্ত্রধারীরা তাদের কেন তাদের ধরে নিয়ে গেলো তা তাদেরকে জানানো হয়নি। ধরে নিয়ে যাওয়ার পর তাদেরকে পাহাড়ের বিভিন্ন গহীন ক্যাম্পে স্থানান্তর করা হতো এবং সেখানে তাদের জেলখানার মতো বন্দী জীবন কাটাতে হয়েছে। তাদেরকে শারীরিক ভাবে কোন নির্যাতন করা হয়নি বলেও জানান মুক্তিপ্রাপ্তরা।