বোদায় সাব-রেজিস্ট্রার অফিস না করায় জনদুর্ভোগ
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:২০
জেলার বোদা উপজেলায় জমি ক্রয়-বিক্রয়ে মারাত্মক হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্ধারিত দিনে সাব-রেজিস্ট্রার না থাকায় এবং যখন তখন কর্মস্থল ত্যাগ করায় নাকাল বোদাবাসী। বৃহস্পতিবার সাব-রেজিস্ট্রার ছুটি না নিয়ে কর্মস্থল ত্যাগ করায় জমি রেজিস্ট্রেশন করতে না পেরে শত শত ক্রেতা-বিক্রেতাকে অফিস থেকে ফেরত যেতে হয়েছে। এমন অবস্থায় ক্ষুব্ধ লোকজন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনওকে মৌখিকভাবে অবহিত করেছেন। সপ্তাহের দু’দিন বুধ ও বৃহস্পতিবার বোদা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রেশন কার্যক্রম চলে। বৃহস্পতিবার সকালে মাত্র ৩/৪টি দলিল রেজিস্ট্রেশন করে বোদা উপজেলা সাব-রেজিস্ট্রার আজমল হোসেন কর্মস্থল ত্যাগ করে ঢাকা চলে যান। ছুটি না নিয়ে কর্মস্থল ত্যাগ করায় লোকজন অসুবিধায় পড়েন। সাব রেজিস্ট্রারের কর্মস্থল ত্যাগ করেছেন বোদা অফিস সহকারী কিছুই জানে না বলে জানান। বোদা পৌর সদরের সর্দারপাড়া গ্রামের আব্দুর রহমানসহ কয়েকজন ভুক্তভোগী বিষয়টি চেয়ারম্যান ও ইউএনওসহ স্থানীয় সাংবাদিকদের দুর্ভোগের কথা অবহিত করেন। এ বিষয়ে সাব-রেজিষ্ট্রার আজমল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে এটা তার বিভাগীয় বিষয় সাধারণ মানুষ বা অন্য কেউ এ নিয়ে নাক গলানোর কিছু নেই বলে তিনি জানান। পঞ্চগড় জেলা রেজিস্ট্রার আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।