দুর্নীতি বিরোধী দিবস পালন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:২২
সারাদেশে গতকাল রবিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। খবর দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি ও থানা সংবাদদাতাদের।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসন যৌথভাবে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. শাহ আলম।
নীলফামারী
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রবিবার নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। টিআইবির সহযোগিতায় সনাক, নীলফামারীর উদ্যোগে শহরে র্যালী ও শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
নেত্রকোনা
দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গতকাল রবিবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নেত্রকোনা শহরের পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণে বৃহত্তম দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ এমএ হামিদ খানের নেতৃত্বে মানববন্ধনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের লোকজন, চিকিত্সক, শিক্ষক, ছাত্র, নার্স, মিডিয়া কর্মী, পুলিশ, আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। পরে ডাঃ এমএ হামিদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার জাকির হোসেন খান।
নরসিংদী
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রবিবার নরসিংদীতে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, মানববন্ধন, আলোচনা ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শন।
মাদারীপুর
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে রবিবার মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পানছড়ি (খাগড়াছড়ি)
জেলার পানছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ ছৈয়দ আহাম্মদ, সাংবাদিক এস.চাঙমা সত্যজিত্, রাশেদুজ্জামান অলি প্রমুখ।
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ)
আড়াইহাজারে দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে আলোচানা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আঃ করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুত্ফুন্নাহার, ডিজি এম আক্তারুজ্জামান লস্কর, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী বন্যা আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মানষী পাল।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। রবিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ডাকবাংলো চত্বর দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সদস্য রাশেদা আক্তার, অ্যাডভোকেট শেখর রঞ্জন ভদ্র, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, মনিরুজ্জামান প্রমুখ।
মধুপুর, গোপালপুর (টাঙ্গাইল)
মধুপুর উপজেলায় টিআইবি ও সনাকের উদ্যোগে রবিবার আন্তর্জাতিক বিরোধী দিবস পালন করা হয়। র্যালী শেষে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মোহম্মদ হাবিবুল্লার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, ভাইস-চেয়ারম্যান ডাঃ মীর ফরহাদুল আলম মনি।
কোটালীপাড়া (গোপালগঞ্জ)
গোপাগঞ্জের কোটালীপাড়ায় ‘জনতার শক্তি, রুখবে দুর্নীতি’ এই শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। রবিবার কোটালীপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মতলব উত্তর (চাঁদপুর)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসে এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল জনতার শক্তি রুখবে দুর্নীতি। দিবসে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
টেকেরহাট (মাদারীপুর)
রাজৈরে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন করে।
বিশ্বনাথ (সিলেট)
সিলেটের বিশ্বনাথে রবিবার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন পালন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। ‘বাসিয়া সেতুর’ ওপর মানববন্ধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা।
মোহনগঞ্জ (নেত্রকোনা)
নেত্রকোনার মোহনগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ আলী উছমান শিশু পার্ক প্রাঙ্গণ শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা হল রুমে বিষয় ভিত্তিক আলোচনা সভায় দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, মোহনগঞ্জ পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ।
বকশীগঞ্জ (জামালপুর)
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে বকশীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ রফিকুল ইসলাম।