রংপুরে রোকেয়া দিবস পালন

বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে গতকাল রবিবার রংপুরে নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩২তম জন্ম ও ৮০তম মৃত্যুবার্ষিকীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সকালে বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি। পরে বেগম রোকেয়া ফোরাম, বেগম রোকেয়া স্মৃতি সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া কলেজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জসীমউদ্দিন আহমেদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যথাযথ মর্যাদায় বেগম রোকেয়ার ১৩২তম জন্ম ও ৮০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শনিবার দিবাগত রাত ১২টায় ক্যাম্পাসস্থ রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়া। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আবু মো. ইকবাল রুমী শাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. গাজী মাজহারুল আনোয়ার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, রেজিস্ট্রার (অদা) মো. শাহজাহন আলী মণ্ডল, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. নাজমুল হকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম রোকেয়া দর্শন ও শতবর্ষের নারী অধিকার আন্দোলন নামে একটি গবেষণাধর্মী বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়া। আজ সোমবার রোকেয়া দিবস উপলক্ষে ক্যাম্পাসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।