পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা কমান্ডার নিহত

পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল রবিবার মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় আল কায়েদার এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা জানান, মার্কিন ড্রোন হামলায় তিনদিনের ব্যবধানে এটি আল কায়েদার কমান্ডার নিহতের দ্বিতীয় ঘটনা। খবর রয়টার্সের। সামরিক কর্মকর্তারা জানান, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় আল কায়েদার কমান্ডার মোহম্মাদ আহমেদ আল মনসুর নিহত হন। এই হামলায় আরো তিন জন আহত হয়েছে। আল মনসুরের বাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুটি ঘর ও একটি গাড়ি ধ্বংস হয়ে যায়। স্থানীয় ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় আকাশে চারটি ড্রোন দেখা গেছে। বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার আরেক সনিয়ির কমান্ডার আবু জাঈদ নিহত হন। এ জঙ্গিগোষ্ঠীটির সবচেয়ে প্রভাবশালী নেতা আবু ইয়াইয়া আল-লিবির স্থলাভিষিক্ত হয়েছিলেন আবু জাঈদ। গত জুনে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন আল-লিবি। ২০১১ সালে পাকিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। এরপর পাকিস্তানে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অব্যাহত ড্রোন হামলায় আল কায়েদা নেটওয়ার্ক দুর্বল হয়ে গেছে। তবে আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশেই ড্রোন হামলার ব্যাপক সমালোচনা হচ্ছে।