চট্টগ্রাম-১২ উপ-নির্বাচনে ১৭ জানুয়ারি ভোট

জাতীয় সংসদের চট্টগ্রাম-১২ শূন্য আসনে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিতে হবে ২০ ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে ৩১ ডিসেম্বরের মধ্যে করতে হবে। গতকাল রবিবার ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কমিশনের অন্য চার সদস্য উপস্থিত ছিলেন। ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহম্মদ খান। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। চট্টগ্রামের আনোয়ারা ১১টি ইউনিয়ন ও পটিয়া ৫টি ইউনিয়ন (আংশিক) নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৫০ হাজার ৭৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ৫১২ ও মহিলা ভোটার ১ লাখ ২৪ হাজার ২৫৯জন। উপ-নির্বাচনের সম্ভাব্য ভোট কেন্দ্র ধরা হয়েছে ৯০টি ও ভোট কক্ষ ৬১৫টি। ভোট গ্রহণের দিন ওই নির্বাচনী এলাকায় সরকারি ছুটি থাকবে বলে জানিয়েছেন ইসি’র উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) মিহির সারওয়ার মোর্শেদ।