মঙ্গলবার আবার ১৮ দলের হরতাল
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
বিএনপিসহ ১৮ দল আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। গতকাল রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল অবরোধ চলাকালে হত্যা, দমন-পীড়ন ও নির্যাতনের প্রতিবাদে ১১ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ও ১০ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। বিএনপির চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন ড. আর এ গনি, ড. খোন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।