বুদ্ধিজীবী দিবসে ‘ত্রিংশ শতাব্দী’

‘যুদ্ধাপরাধীদের বিচার চাই, যুদ্ধবাজ নিপাত যাক’— এ স্লোগানে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদলের যুদ্ধাপরাধী-যুদ্ধবাজবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে দর্শকনন্দিত ও আলোচিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ এ মঞ্চায়নের পূর্বে মুক্তিযোদ্ধা-সংস্কৃতিকর্মীদের পক্ষে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রাক্তন চেয়ারম্যান নাট্যজন ম. হামিদ-কে স্বপ্নদলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। যুদ্ধ-সংঘাত-হানাহানির বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার মূল-কাহিনী পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন প্রভৃতি প্রসঙ্গ।