মাতৃত্বকালীন ছুটি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২০:৩৪
দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, বর্তমান সরকার ৩০/৯/২০১২ রবিবার বেসরকারি শিক্ষিকাদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। একটি সুস্থ শিশু একটি সুস্থ জাতি পক্ষান্তরে একটি অসুস্থ শিশু একটি অসুস্থ জাতির নির্দেশক। শিশুর পূর্ণ বিকাশে ও সুস্থতার জন্য ১ম ৬ মাস মায়ের বুকের দুধ আবশ্যক যা বারে বারে ও সময় নিয়ে খাওয়াতে হয়। অর্থাত্ প্রজ্ঞাপনটি ছিল যথার্থ ও যুগোপযোগী।
কিন্তু অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হূদয় নিয়ে বলতে হচ্ছে, আমি বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে, বেশিরভাগ বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর মাতৃত্বকালীন ছুটি অতিঅল্প। যেমনঃ উইমেন্স মেডিক্যাল কলেজে ২ মাস, মনসুর আলী মেডিক্যাল কলেজে মাত্র ৪২ দিন, ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজে অর্ধ বেতনে ৪ মাস, এভাবে তাহেরুন নেসা, বাংলাদেশ মেডিক্যালসহ প্রায় সকল বেসরকারি মেডিক্যাল কলেজের ছুটি ৬ মাস নেই।
মেডিক্যাল কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত। তারা সরকারের প্রজ্ঞাপনকে তোয়াক্কা না করে তাদের পূর্বের ছুটিই বহাল রেখেছে। যদি বেশি ছুটির জন্য আবেদন করা হয় তবে গভর্নিং বডি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিনা বেতনে ১ মাস ছুটি দিয়ে থাকেন তাও বিভিন্ন শর্তসাপেক্ষে। বিশ্বের বিভিন্ন দেশে শিশু পালনকে কাজের আওতায় (Working hour) ধরা হয়। বর্তমান সরকারও প্রজ্ঞাপনে ৬ মাসে পূর্ণ বেতনে ছুটি প্রদানের কথা বলেছে। কিন্তু বেসরকারি মেডিক্যাল কলেজগুলো তা দিতে এমনকি ৬ মাস ছুটি দিতে অপারগতা প্রকাশ করেছে।
উপরিউক্ত বর্ণনা সরেজমিনে যাচাইপূর্বক মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে যথাযথ ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানাচ্ছি।
ডা. শিরীন রহমান, ঢাকা।