সার উত্তোলন করতে না পারায় নেত্রকোনায় ডিলারদের ক্ষোভ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২১
বেসরকারি খাতে আমদানিকৃত ভর্তুকির আওতাভুক্ত ডিএপি (ডাই এ্যামোনিয়াম ফসফেট) সার আমদানিকারক প্রতিষ্ঠানের হয়রানির কারণে নেত্রকোনার ৮ জন ডিলার যথাসময়ে এই সার উত্তোলন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। ফলে চলতি রবি মৌসুমে বোরো এবং রবিশস্য আবাদে সমস্যা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ জন্য ডিলাররা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরে লিখিত দরখাস্ত করেছেন। এই বিষয়টি নিয়ে গতকাল সোমবার সার মনিটরিং কমিটির সভায় আলোচনাও হয়েছে।
নেত্রকোনার ডিএপি সার ডিলার ফরিদুল হক এবং মমতাজ রহমানসহ কয়েকজন সার ডিলার গতকাল সোমবার লিখিত অভিযোগে জানান, মেসার্স মোশারফ এন্ড ব্রাদার্স নামের ডিএপি সার আমদানীকারক প্রতিষ্ঠানের নিকট থেকে ভর্তুকির প্রায় ৬০ টন ডিএপি সার নারায়ণগঞ্জ ঘাট থেকে উত্তোলনের জন্য বরাদ্দ করা হয়। ডিলাররা নারায়ণগঞ্জ ঘাটে গেলে তাদের বলা হয় নোয়াপাড়া ঘাট থেকে সার উত্তোলনের জন্য।
নোয়াপাড়া ঘাটে গেলে তাদেরকে আবার যশোর থেকে সার সরবরাহ নেয়ার কথা বলা হয়। এভাবে গত কয়েকদিন যাবত্ সার ডিলাররা যেমন হয়রানির শিকার হচ্ছেন তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন। ডিলাররা নারায়ণগঞ্জ থেকে যাতে ডিএপি সার উত্তোলন করতে পারেন সে ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।