সিলেট বিভাগে শ্রেষ্ঠ হবিগঞ্জের ডিসি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২৪
হবিগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা প্রশাসক মাহমুদ হাসান সিলেট বিভাগে শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হয়েছেন। চলতি বছর প্রাথমিক শিক্ষা সপ্তাহে সিলেট বিভাগে শিক্ষা বিভাগ বহির্ভূত শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হন তিনি। শিক্ষার মানোন্নয়নে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষানুরাগী ও প্রবাসীসহ সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করে সভা ও সেমিনারের আয়োজন করেন। জেলা প্রশাসক মাহমুদ হাসানের নিরলস পরিকল্পনায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক উন্নতি সাধিত হয়। তার যোগদানের পূর্বে ২০০৯ সালে সমাপনী পরীক্ষায় হবিগঞ্জ জেলায় পাসের হার ছিল ৭৬.৩৭%। তার গৃহীত পদক্ষেপের ফলে ২০১০ সালে পাসের হার ৮৭.৫৭%, ২০১১ সালে ৮৯.৬১% এ উন্নীত হয়। যা হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হয়। ২০১১ সালে সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলা প্রথম এবং জেলা হিসেবে সমগ্র দেশে চতুর্থ স্থান অর্জন করে হবিগঞ্জ।