কিভাবে জয় করবেন স্মৃতিভোলা সমস্যা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪০
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কশক্তি কমতে শুরু করে। ক্ষতিগ্রস্ত হয় মেমোরি সেন্টারও। বিজ্ঞানীরা বহু গবেষণা করে দেখেছেন মস্তিষ্ক শক্তির সঙ্গে স্মৃতিশক্তির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। যদি আমরা ব্রেইনের এজিং প্রক্রিয়ার গতি কিছুটা কমিয়ে দিতে পারি তাহলে স্মরণশক্তিও থাকতে পারে ভালো। বিশেষজ্ঞগণ বলছেন, ধরুন আপনার বসবাসের ঘর অথবা কর্মক্ষেত্রের এক কক্ষ থেকে অন্য কক্ষে গেলেন; কিন্তু আকস্মিক ভুলে গেলেন কি জন্য এসেছেন। ভুলে গেছেন পরিচিত কারো নাম অথবা টেলিফোন করেছেন কোথাও কিছু একটা জরুরি বিষয় আলাপ করবেন; কিন্তু মনে করতে পারছেন না। অথবা চশমা, মানিব্যাগ পকেটে রেখে সারা বাড়ী তছনছ করে ফেলছেন। এমন যদি প্রায়শই হতে থাকে তবে এটাকে অবহেলা করবেন না। বুঝতে হবে আপনি আলঝেইমার বা স্মৃতি ভোলা রোগের জন্য ঝুঁকিপূর্ণ। আপনার আলঝেইমার সমস্যা যাতে কম হয় তার জন্য পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. ইয়াকোভ স্টার্ন। এই মনো বিশেষজ্ঞের মতে মস্তিষ্ক বুড়িয়ে যাওয়া রোধ করা যাবে না; কিন্তু আপনি যদি মস্তিষ্ককে অ্যাকটিভ বা কর্মক্ষম রাখেন তবে স্মৃতি ভোলা সমস্যা কম হবে। তার মতে যে যত বেশি স্ট্যাডি করবে অথবা কাজের মধ্যে থেকে চিন্তাশক্তির চর্চা বেশি করবে তার স্মৃতি ভোলা সমস্যা তত কম হবে। তিনি এটাও উল্লেখ করেছেন, যাদের শিক্ষাগত যোগ্যতা কম অথবা কর্মক্ষেত্রে, বুদ্ধি ও চিন্তা চর্চার দরকার হয় কম তাদের আলঝেইমার রোগ হবার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি। তাই সব সময় এ্যাকটিভ থাকুন, আলঝেইমার থেকে বাঁচুন।