মোস্তাফিজুল হক
আমাদের নিমতলী জড়সড় ঘর,
একসাথে থাকি তবু সকলেই পর!
দালানে দালানে লোক কেহ চেনা নাই,
এক সিঁড়ি বেয়ে উঠি, রোজ নেমে যাই!
আমাদের ফ্ল্যাটগুলো খোপের সমান,
আলো নেই, বায়ু নেই, পুড়ে মারে প্রাণ!
রুম ভরা কেমিক্যাল, ড্রাম ভরা ঘি কি?
আগুনের আঁচ লেগে করে ঝিকিমিকি!
পোড়ে নর, পোড়ে নারী—এ শ্মশান যেন,
ভেবে শুধু দিন যায়, প্রতিকার কেন?
ঢাকার মেয়র ঘুমে, কবে জানি ওঠে!
কবে জানি নিরাপদ শ্বাসবায়ু জোটে!