শিরোপার আরো কাছে ম্যানইউ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
শিরোপার পথে আরো এগিয়ে গেলো কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। গত রবিবার ডাচ তারকা ফরোয়ার্ড রবিন ফন পার্সির দেয়া শেষ মুহূর্তের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিপক্ষের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে পাওয়া এই জয়ে ম্যানসিটির সাথে ব্যবধান বাড়ালো তারা।
গত বার ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হারানো ম্যানচেস্টার ইউনাইটেড এবার শিরোপা জয়ের জন্য বেশ আঁটঘাট বেঁধেই নেমেছে রেড ডেভিলরা। এবার তারা নিজেদের চেনালো আরেকবার। ডার্বি ম্যাচে শুরু থেকেই আক্রমণে থাকা দলটি ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচটি নিজেদের করে নেয়। ১৬ ও ২৯ মিনিটে দুটি গোলই করেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে সিটি দল। কোচ রবার্তো মানচিনির দলের হয়ে ৬০ মিনিটে প্রথম গোলটি করেন ইয়াইয়া তোরে। ৮৬ মিনিটে জাবালেতার গোলে সমতায় ফিরে তারা। আর শেষ মুহূর্তে পার্সির সেই গোল। দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
এই জয়ে ম্যানচেস্টার সিটির সাথে ম্যানইউয়ের ব্যবধান বেড়ে দাঁড়ালো ছয় পয়েন্ট। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩৯। ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।
দিনের অপর ম্যাচে জয় পেয়েছে আরেক বড় দল লিভারপুল। কোচ ব্রেন্ডন রজার্সের দল আপটন পার্ক স্টেডিয়ামে ৩-২ গোলে জয় পেয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে। দশম অবস্থানে থাকা অল রেড দলের ১৬ ম্যাচে এখন তাদের পয়েন্ট ২২। বড় দলের জয়ের দিনে হেরে গেছে টটেনহ্যাম হটস্পার। গুডিসন পার্ক স্টেডিয়ামে তাদের ২-১ গোলে হারায় এভারটন।