বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল

কক্সবাজারের মেহেরিয়াপাড়া ও রাঙামাটির মঘাছড়ি স্কুলের শিরোপা লাভ

কক্সবাজার জেলার মহেষখালীর মেহেরিয়াপাড়া প্রাইমারি স্কুল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে এবং রাঙামাটি জেলার কাউখালীর মঘাছড়ি প্রাইমারি স্কুল বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে শিরোপা জিতেছে। গত রবিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের ফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে মেহেরিয়াপাড়া প্রাইমারি স্কুল ৫-২ গোলে চট্টগ্রাম জেলার রাউজানের ঊনসত্তরপাড়া প্রাইমারি স্কুলকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। বিজয়ীদের পক্ষে নবাব মিয়া দুটি, তারেকুল মোক্তার ও মোবারক একটি করে গোল দেন। বিজিত দলের গোল দুটি করেন সাকিব। সেরা খেলোয়াড় হন তারেকুল ইসলাম। বঙ্গমাতা ফুটবলের ফাইনালে মঘাছড়ি প্রাইমারি স্কুল ৮-০ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ প্রাইমারি স্কুলকে হারায়। দলের পক্ষে সাথুইমা মার্মার হ্যাটট্রিক করেন। তাছাড়া নদী চাকমা দুটি, শিল্পা চাকমা, রনি চাকমা ও সিকামীকা চাকমা একটি করে গোল দেন। সেরা খেলোয়াড় হন শিল্পা চাকমা। চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. সিরাজুল হক খান ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।