ঢাকা বিভাগে আজ থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২২:৩৯
পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করাসহ ৭ দফা দাবিতে ঢাকা বিভাগে আজ মঙ্গলবার ৬টা থেকে টানা ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটি।
ধর্মঘট সফল করার লক্ষ্যে গতকাল সোমবার সকালে কমিটির কার্যালয় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সাদেকুর রহমান হিরুর সভাপতিত্বে সভায় ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট সর্বাত্মকভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের আহবান জানানো হয়। সভায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান, পরিবহন নেতা আব্দুল মোতালেব, লুত্ফর রহমান লালডু, কাঞ্চন মিয়া, বারেক সরকার, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন । সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান জানান, রিক্যুইজিশন, কাগজপত্র যাচাইয়ের নামে হয়রানি ও চাঁদাবাজির কারণে পরিবহন শ্রমিকরা অতিষ্ঠ। তাছাড়া সরকার দলীয় লোকজন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, গাজীপুর জেলা এবং কালিয়াকৈর পরিবহন মালিক সমিতি দখল করে রেখেছে। এসব অফিস দখলমুক্তসহ চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন, প্রত্যেক জেলায় ট্রাক টার্মিনাল নির্মাণ, সিএনজি গ্যাসসহ সকল প্রকার জ্বালানির দাম কমানো এবং পরিবহন খাতে সরকারের সম্পাদিত সকল চুক্তির বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘট আহবান করা হয়েছে।